শিবরাত্রি ব্রত কথা -- বৈষ্ণব সম্বন্ধে শিবরাত্রি ব্রতের কোন প্রয়োজন নাই সত্য, তথাপি শ্রীহরির প্রীত্যর্থে সদত এই ব্রতানুষ্ঠান বৈষ্ণবগনেরও কর্ত্তব্য ৷ ফাল্গুনী কৃষ্ণা চতুর্দ্দশী তিথীতেই এই ব্রত করিবে ৷ পদ্মপুরানে লিখিত আছে , কি সূর্য উপাসক, কি বৈষ্ণব, কি অন্য দেবোপাসক, যে কেহ হউন না শিবরাত্রি বিমুখ হইলে তৎকৃত পূজা ফলবতী হয় না ৷ এই ব্রতে অবহেলা করিলে কি দোষ ঘটে তাহা মুনিদের প্রতি শ্রীহরি বলিয়াছেন৷ -- হরি পরায়ন ব্যাক্তির বৈকুন্ঠ গতি হয় সত্যি কিন্তু শিবদেষী না হইলে ঐ বিষ্ণুধাম প্রাপ্তি হয় ৷ শিবের নিন্দা করিয়া আমার অর্চ্চনা করিলে ও দশ হাজার সংখ্য নরকে গমন করিতে হয় ৷ হরি বলিয়াছেন আমার ভক্ত শিব দ্বেষী বা শিব ভক্ত আমার দ্বেষী হইলে চন্দ্র সূর্য স্থিতিকাল পর্যন্ত নরকে পচতে হয় ৷ আরও বলিয়াছেন যিনি শিব তিনিই আমি এবং যে আমি সেই শিব ৷ আকাশ ও বায়ুর মত আমাদেরও অভেদ বুঝিবে ৷
শিবরাত্রি ব্রত কাল নির্নয় ও ব্রতবিধি --- মাঘ ও ফাল্গুন মাসের মধ্যবর্ত্তী কৃষ্ণা চতুর্দ্দশীই শিবরাত্রি বলিয়া প্রথিত ৷ এই তিথি নিখিল যজ্ঞ অপেক্ষা প্রধান ৷ ধরাতলে স্থাবর বা চরে যত শিবলিঙ্গ আছে , এই চতুর্দ্দশী তিথির নিশা- যোগে দেবদেব মহাদেব সেই সমুদয়ে অধিষ্ঠিত হন ৷ এইজন্য ঐ চতুর্দ্দশী তিথিকে শিবরাত্রি বলা হয় ৷ পূর্বদিন সংযম থাকিয়া চতুর্দ্দশী দিন উপবাস করিতে হয় ৷ তবে ত্রয়োদশী বিদ্ধা চতুর্দ্দশী অবশ্যই পরিত্যাগ করিবে ৷যদিও পরের দিন অমাবস্যাযোগ হয় তবুও অমাবস্যা সংযুক্ত চতুর্দ্দশী ব্রত পালনই কর্তব্য ৷ শিবরাত্রি ব্রতে উপবাস, রাত্রিকালে শিবপূজা ও জাগরন এই তিনটি অনুষ্ঠান করাই কর্তব্য ৷
ব্রতী ব্যক্তি পবিত্রভাবে সন্ধ্যাকালে শিবমন্দিরে গিয়া আচমন পূর্ব্বক শিবসন্মূখে সঙ্কল্প করিবে, তৎপরে পূজায় প্রবৃত্ত হইতে হয় ৷ পঞ্চাক্ষর (নমঃ শিবায়) মন্ত্রে ক্ষীরাদি দ্বারা ও বিশুদ্ধ বারিধারা দ্বারা মহাদেবকে স্নান করাইবে ৷ বিধানে গন্ধ, পূস্প, বেলপাতা, তিল ইত্যাদি দ্বারা অর্চ্চনা শেষ করিয়া ধূপদীপ অর্পণ পূর্ব্বক শঙ্খে করিয়া অর্ঘ্য প্রদান করিবে ৷ পরে আচার্য্যেকে অর্চ্চনা ও দক্ষিনা অর্পণ করিবে এবং বিধানে জাগরন পূর্ব্বক প্রাতে পারন করিতে হয় ৷
শিবরাত্রির মাহাত্ম্য ---- লিঙ্গপূজা ও জাগরনাদি করাতে পাপরূপ ব্যাধও পরিত্রাণ পাইয়াছিল ৷ জনৈক চন্ডাল শিবরাত্রি অজ্ঞাত থাকিয়াও অনাদিলিঙ্গের পূজা, উপবাস ও জাগরনফলে নিষ্কলুষ হইয়া শিবের পারিষদ ভক্ত হইয়া ছিলেন ৷ চতুর্দ্দশিতে উপবাসি হইয়া হরপূজা করিয়া নিশাজাগরন করিলে আর পুনর্জ্জন্ম হয় না ৷ বৈষ্ণব হইয়া শিবরাত্রি ব্রত করিলে শিবের কৃপায় শ্রীহরির প্রতি প্রেমভক্তি বর্দ্ধিত হইয়া থাকে ৷
" ওঁ নমঃ শিবায় "
