কর মন গোরাপদ সার ৷ ভাবিয়া দেখহ মন সকলি অসার ৷৷ ধনপুত্র পরিবার সব মায়ারঙ্গ ৷ কি সুখ লাগিয়া বল কর তার সঙ্গ ৷৷ সব ছাড়ি গৌরহরি নামে কর মতি ৷ মহাসুখ পাবে যাবে সকল বিপত্তি ৷৷ কর্ম্মী জ্ঞানী সঙ্গ ছাড়ি সাধু সঙ্গে থাক ৷ কাঁদিয়া সদা গৌর বলে ডাক ৷৷ সাধুসঙ্গে নিত্য কর গৌরলীলা গান ৷ তাঁর পদদ্বয় হৃদে সদা কর ধ্যান ৷৷ গোরাপদ ছাড়ি আন পদ নাহি ভজ ৷ নৈষ্টিক হইয়া মন গোরাপ্রেমে মজ ৷৷ যেই গোরা সেই কৃষ্ণ দৃঢ় করি জান ৷ এই সে পরমতত্ত্ব ইথে নাহি আন ৷৷ শ্রীগৌরাঙ্গপাদপদ্ম করিয়া স্মরণ ৷ গৌরাঙ্গের অষ্টোত্তর শতনাম করিলাম রচন ৷৷
জয় জয় গৌরহরি শচীর নন্দন ৷ শ্রীচৈতন্য বিশ্বম্ভর পতিত - পাবন ৷৷ জয় মহাপ্রভু গৌরচন্দ্র দয়াময় ৷ অধমতারণ নাথ ভকত আশ্রয় ৷৷ জীবের জীবন গোরা করুণাসাগর ৷ জগন্নাথ মিশ্র সুত গৌরাঙ্গ সুন্দর ৷৷ প্রেমময় প্রেমদাতা জগতের গুরু ৷ শ্রীগৌর গোপালদেব বাঞ্ছাকল্পতরু ৷৷ নিত্যানন্দ ঠাকুরের মহানন্দ দাতা ৷ সর্ব্বাভীষ্ট পূর্ণকারী সর্ব্ব চিত্তজ্ঞাতা ৷৷ শ্রীগদাধরের প্রাণ অখিলের পতি ৷ লক্ষ্মীর সর্ব্বস্ব ধন অগতির গতি ৷৷ শ্রীবিষ্ণুপ্রিয়ার নাথ নিত্যানন্দময় ৷ সর্ব্ব গুণনিধি সর্ব্ব রসের আলয় ৷৷ জগদানন্দের প্রিয় নবদ্বীপচন্দ্র ৷ অদ্বৈত আরাধ্য কৃষ্ণ পুরুষ স্বতন্ত্র ৷৷ বংশীর বল্লভ নবদ্বীপ সু-নাগর ৷ ভুবন বিজয়ী সর্ব্বজন মুগ্ধকর ৷৷ রসিকেন্দ্র চুড়ামণি রসিক সুঠাম ৷ ভক্তাধীন ভক্তপ্রিয় সর্ব্বানন্দ ধাম ৷৷ স্বরূপের সুখদাতা রূপের জীবন ৷ শ্রীসনাতনের নাথ নিত্য সনাতন ৷৷ শ্রীজীববৎসল প্রভূ ভকতবৎসল ৷ ভট্ট গোসাঞির প্রিয় দুর্ব্বলের বল ৷৷ শ্রীরঘুনাথের নাথ শ্রীবাসের বাস ৷ ভগবান্ ভক্তরূপ অনন্ত প্রকাশ ৷৷ লোকনাথ লোকাশ্রয় ভকতরঞ্জন ৷ শ্রীরঘুনাথ দাসের হৃদয়ের ধন ৷৷ অভিরাম ঠাকুরের সখা সর্বপাতা ৷ চিন্তামনি চিন্তানীয় হরিনাম দাতা ৷ পরমেশ পরাৎপর দুঃখবিমোহন ৷ জগাই মাধাই আদি-পাপীউদ্ধারণ ৷ রসরাজ মূর্ত্তি রামানন্দ বিমোহন ৷ সার্ব্বভৌম পণ্ডিতের গর্ব্ব বিনাশন ৷৷ অমোঘের প্রাণদাতা দুর্জ্জয় দলন ৷ পূর্ণকাম নির্ম্মলাত্মা লজ্জা নিবারণ ৷৷ পরমাত্মা সারাৎসার বৈষ্ণব জীবন ৷ সুখময় সুখদাতা ভুবন-ভাবন ৷৷ বিশ্বরূপ বিশ্বনাথ বিশ্ব বিমোহন ৷ শ্রীগৌরগোবিন্দ ভক্তচিত্ত সুরঞ্জন ৷৷ নয়নের অভিরাম ভাবুক রমণ ৷ ভক্ত-চিত্ত-চোর ভক্তচিত্ত বিনোদন ৷৷ নদীয়া বিহারী হরি রমণী মোহন ৷ দ্বিজকুলচন্দ্র দ্বিজকুল পূজ্যতম ৷৷ সুকবি শ্রীনিধি দক্ষ নয়নরঞ্জন ৷ বারেক আমার হৃদে দেহ শ্রীচরণ ৷৷ ভাবুক সন্ন্যাসী সব জীব নিস্তারক ৷ ভাবুকজনার সুখ দিতে সুনায়ক ৷৷ প্রতাপরুদ্রের অভিলাস পূর্ণকারী ৷ স্বরূপাদি ভক্তের সদা আজ্ঞাকারী ৷৷ পূর্ণ অবতার সার করুণানিদান ৷ পরম উদাস প্রভু মোরে কর ত্রাণ ৷৷ অনন্ত প্রভুর নাম অনন্ত মহিমা ৷ অনন্তাদি বেদে যাঁর দিতে নারে সীমা ৷৷ গৌরাঙ্গ মধুর নাম কর মন সার ৷ যাহা বিনে কলিযুগে গতি নাই আর ৷৷ যেই নাম সেই গোরা জানিহ নিশ্চয় ৷ নামের সহিত প্রভু সতত আছয় ৷৷ গৌর নাম হরিনাম একই যে হয় ৷ ভাগবত বাক্য এই মিথ্যা কভু নয় ৷৷ কর কর ওহে মন নাম সংকীর্তন ৷ পাপ তাপ দূরে যাবে পাবে প্রেমধন ৷৷ গৌর নাম কৃষ্ণ নাম অতি সুমধুর ৷ সদা আস্বাদয়ে যেই সে বড় চতুর ৷৷ শিব আদি যেই নাম সদা করে গান ৷ সে নামে বঞ্চিত হলে কিসে হবে ত্রাণ ৷৷
এই শত অষ্ট নাম যে করে পঠন ৷ অনায়াসে পায় সেই চৈতন্য চরণ ৷৷ শত অষ্ট নাম যেই করয়ে শ্রবণ ৷ তার প্রতি সদা তুষ্ট শচীর নন্দন ৷৷ শ্রীজাহ্নবী রামপদ করিয়া শরণ ৷ শত অষ্ট নাম গায় এ শচী নন্দন ৷৷
" নিতাই গৌর সীতানাথ হরি হরি বল "

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন